ওঙ্কার ডেস্ক: মন্দিরে পুজো দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন ভক্তরা। আচমকাই তাঁদের উপর উঠে গেল ধানবোঝাই একটি ট্রাক। মর্মান্তিক এই দুর্ঘটনায় মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার গভীর রাতে গোয়ালিয়রে শীতলা মন্দিরের বাইরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত দেড়টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে ভক্তদের ভিড়ে ঢুকে পড়ে ট্রাকটি। গোয়ালিয়রের সিনিয়র পুলিশ সুপার ধর্মবীর সিংহ জানিয়েছেন, ট্রাকটি প্রথমে পুলিশের ব্যারিকেড ভেঙে দেয়। এরপর মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তদের পিষে এগিয়ে যায়। শেষে মন্দিরের বাইরের দেওয়াল ও গেটে ধাক্কা মেরে থামে গাড়িটি। দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধর্মবীর সিংহের প্রাথমিক বিবৃতি অনুযায়ী, ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়। রবিবার সকালে আরও এক জনের মৃত্যুর খবর পাওয়া যায়। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩।
হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে পাঁচ থেকে ছয় জনের অবস্থা গুরুতর বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। দুর্ঘটনায় কর্তব্যরত দুই পুলিশকর্মীও আহত হয়েছেন। তাঁরাও হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর ট্রাকটির ওই রাস্তায় প্রবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট রাস্তায় ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ। তা সত্ত্বেও ধানবোঝাই ট্রাকটি কী ভাবে সেখানে পৌঁছল, তা খতিয়ে দেখছে পুলিশ। গোয়ালিয়রের জেলাশাসক রুচিকা চৌহানও ঘটনার বিষয়ে খোঁজ নিয়েছেন। তাঁর বক্তব্য, নবরাত্রি উপলক্ষে ওই এলাকায় বাড়তি নজরদারির ব্যবস্থা ছিল। রাস্তায় ব্যারিকেড বসানোর পাশাপাশি পুলিশের চেকপয়েন্টও রাখা হয়েছিল। তার পরেও কী ভাবে ট্রাকটি নিষিদ্ধ রাস্তায় ঢুকল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।