ওঙ্কার ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীতে আরও অগ্নিবীর নিয়োগের ভাবনা। বর্তমানে বাহিনীতে প্রায় ১.৮ লক্ষ সেনার ঘাটতি তৈরি হয়েছে। এই আবহে সেই ঘাটতি পূরণ করতে সেনাবাহিনী বছরে ১ লক্ষেরও বেশি অগ্নিবীর নিয়োগ করতে চলেছে। এতদিন বছরে ৪৫ থেকে ৫০ হাজার অগ্নিবীর নিয়োগ করা হত। সেনা সূত্রের খবর, এবার সেই সংখ্যা দ্বিগুণের বেশি করার চিন্তা ভাবনা করা হচ্ছে।
করোনা মহামারী পর্বের সময় অর্থাৎ ২০২০ ও ২০২১ সালে সেনাবাহিনীতে নতুন নিয়োগ সম্পূর্ণ বন্ধ ছিল। এদিকে প্রতি বছর ৬০ থেকে ৬৫ হাজার করে সেনা ওই সময়পর্বের মধ্যে অবসর নিয়েছেন। ফলে বাহিনীতে তৈরি হওয়া ঘাটতি আরও বেড়েছে। প্রসঙ্গত, ২০২২ সালে ‘অগ্নিপথ প্রকল্প’ শুরু হয়। তার আগে সেনাবাহিনীতে পুরনো নিয়মে নিয়োগ হত। অগ্নিবীর প্রকল্প চালু হওয়ার পর প্রথম বছরে তিন বাহিনীর জন্য মোট ৪৬ হাজার শূন্যপদ ঘোষণা হয়েছিল। রিপোর্ট অনুসারে, যার মধ্যে ৪০ হাজার পদ ছিল কেবল সেনাবাহিনীর জন্য।
সরকারের পরিকল্পনা ছিল অগ্নিপথ প্রকল্পে ধীরে ধীরে নিয়োগ বাড়ানো হবে। সেনাবাহিনীতে মোট ১.৭৫ লক্ষ অগ্নিবীর নিয়োগ পরিকল্পনা ছিল। অপর দুই বাহিনী নৌ ও বায়ুসেনাতেও পদ বাড়ানোর কথা ছিল। কিন্তু সেনাদের অবসর গ্রহণ একই হারে চলতে থাকায় প্রতি বছর প্রায় ২০ থেকে ২৫ হাজার পদে ঘাটতি বাড়তে থাকে। বর্তমানে মোট ঘাটতির পরিমাণ ১.৮ লক্ষ। এদিকে অগ্নিবীর প্রকল্পে প্রথম দিকে যারা নিয়োগ পেয়েছিলেন, চার বছর হয়ে যাওয়ায় ২০২৬ সালের শেষের দিকে তাঁরা অবসর নেবেন।
