ওঙ্কার ডেস্ক: আরাবল্লি পার্বত্য অঞ্চলে নতুন করে খননের কোনও লিজ দেওয়া যাবে না বলে বৃহস্পতিবার সংশ্লিষ্ট রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার এই আবহে আরাবল্লি পর্বত নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করল সুপ্রিম কোর্ট। আগামী সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে।
উল্লেখ্য, আরাবল্লি পাহাড় ও পর্বতমালার সংজ্ঞা নির্ধারণ নিয়ে সম্প্রতি নতুন নিয়মের কথা বলা হয় মোদী সরকারের তরফে। কেন্দ্রের তরফে আরাবল্লির যে নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে তা নিয়ে বিতর্ক চলছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রস্তাবিত সংজ্ঞা ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে নয়, বরং ভূপৃষ্ঠ থেকে ১০০ মিটার বা তার বেশি উচ্চতার ভূখণ্ডকেই কেবলমাত্র আরাবল্লি পাহাড় বলে গণ্য করা হবে। গত মাসে কেন্দ্রের সেই নির্দেশে সিলমোহর দেয় ভারতের সুপ্রিম কোর্ট। যার পর থেকে আন্দোলনে নামেন বহু মানুষ। প্রসঙ্গত, আরাবল্লির ৯০ শতাংশ পাহাড়ের উচ্চতা ১০০ মিটারের মধ্যে।
আন্দোলনের চাপে পড়ে এর আগে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক যে বিবৃতি দিয়েছিল তাতে বলা হয়, ‘সংরক্ষণ ও সুরক্ষার স্বার্থে দিল্লি থেকে গুজরাট পর্যন্ত বিস্তৃত আরাবল্লি পর্বতমালায় অবৈধ খনন রুখতে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক রাজ্যগুলিকে এই পার্বত্য অঞ্চলে যে কোনও ধরণের নতুন খননের লিজ দেওয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দিয়েছে।’ এই নিষেধাজ্ঞা সমগ্র আরাবল্লি জুড়ে প্রযোজ্য বলে জানানো হয়েছে। গুজরাট থেকে জাতীয় রাজধানী অঞ্চল পর্যন্ত বিস্তৃত পার্বত্য অঞ্চল আরাবল্লিকে সুরক্ষিত করা এবং খননের কার্যক্রম বন্ধ করার উদ্দেশে এই নির্দেশ দেওয়া হয়েছিল।
