ওঙ্কার ডেস্কঃ বিহারে লাইনচ্যুত সিমেন্টবোঝাই মালগাড়ি। সেতুতেই দুর্ঘটনা। সেতু থেকে নদীতে পড়ে গেল মালগাড়ির বেশ কয়েকটি কামরা। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বিহারের শিমুলতলা স্টেশনের কাছে। দুর্ঘটনার জেরে হাওড়া-নয়াদিল্লি মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত।
প্রাথমিক সূত্রে খবর, মালগাড়িটি জসিডি থেকে ঝাঝার দিকে যাচ্ছিল। শনিবার রাতে তেলিয়াবাজার হল্ট স্টেশনের কাছে ৬৭৬ নম্বর সেতুর উপর মালগাড়িটি লাইনচ্যুত হয়ে যায়। বেশ কয়েকটি কামরা পড়ে যায় বরুয়া নদীতে। তবে এই দুর্ঘটনার জেরে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।
পূর্ব-মধ্য রেলের তরফে জানানো হয়েছে, উদ্ধারকাজে গতি আনতে আসানসোল, ঝাঝা এবং মধুপুর থেকে রওনা দিয়েছে তিনটি ‘রিলিফ ট্রেন’। দ্রুত রেল পরিষেবা স্বাভাবিক হবে বলেও জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।