ওঙ্কার ডেস্ক: ইটানগরে অবৈধ ভাবে থাকা সমস্ত ধর্মীয় কাঠামো ভাঙার নির্দেশ দিল অরুণাচল প্রদেশ সরকার। সে রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু মঙ্গলবার জেলা প্রশাসনকে অবৈধ ধর্মীয় কাঠামো চিহ্নিত করে ভেঙে ফেলার নির্দেশ দেন। তাদের জমি অবৈধ অভিবাসীরা দখল করে নিয়েছে বলে অভিযোগ তুলে সম্প্রতি আদিবাসীরা প্রতিবাদ জানাচ্ছিল। সেই আবহে এই নির্দেশ দেওয়া হল।
মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেন, ‘আমি ডেপুটি কমিশনারদের নির্দেশ দিয়েছি রাজ্যের রাজধানীতে সমস্ত অবৈধ ধর্মীয় কাঠামো চিহ্নিত করে ভেঙে ফেলার।’ অরুণাচল প্রদেশ ১৮৭৩ সালের বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন (বিইএফআর)-এর ইনার লাইন পারমিট (আইএলপি) ব্যবস্থার আওতাভুক্ত। আদিবাসী সম্প্রদায়, ভূমি এবং সাংস্কৃতিক পরিচয় রক্ষা করার জন্য অনুপ্রবেশকারীদের প্রবেশ নিয়ন্ত্রণ করা এর উদ্দেশ্য। খান্ডু বলেন, আগে আইএলপি ব্যবস্থা সঠিকভাবে পর্যবেক্ষণ করা যেত না, তবে সরকার এখন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। এই প্ল্যাটফর্মটি অরুণাচল প্রদেশে অবৈধ প্রবেশ এবং অবস্থানের উপর নজরদারি আরও সুগম করবে।
অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, নতুন ব্যবস্থা অনুযায়ী, যে নিয়োগকর্তারা রাজ্যের বাইরে থেকে শ্রমিক নিয়ে আসেন, সেই বিষয়ে সরকারকে জানাতে হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, মন্ত্রিসভার অনুমোদনের পর নতুন নিয়মগুলো কার্যকর হবে। উল্লেখ্য, আদিবাসীদের জমি দখল করে অবৈধ ভাবে ধর্মীয় কা|ঠামো নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ তুলে আন্দোলনে নেমেছিল আদিবাসীরা। গত কয়েক মাস ধরে রাজ্যের বেশ কয়েকটি আদিবাসী যুব গোষ্ঠী প্রতিবাদে সরব হয়। সেই গোষ্ঠীগুলো সরকারের কাছে দাবি জানায়, অবিলম্বে কাঠামো ভেঙে ফেলার জন্য।
