ওঙ্কার ডেস্ক: অসম থেকে কাজে গিয়েছিলেন অন্ধ্রপ্রদেশে। কিন্তু ভিন রাজ্যে গিয়ে চরম পরিণতি হল ড্যান্সারের। অসমের কামরূপ জেলার ২০ বছর বয়সী ওই তরুণী একটি ড্যান্সার দলের সদস্য হিসেবে বিশাখাপত্তনমে গিয়েছিলেন। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় রেললাইনের পাশ থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। ‘ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস’-এ করে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন। পুলিশ ওই তরুণীর মৃত্যুর কারণ ও গোটা বিষয়টির তদন্ত করছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণী আদিবাসী সমাজের। গুয়াহাটির বি বরুয়া কলেজের ছাত্রী ছিলেন তিনি। কামরূপ জেলার বাসিন্দা তিনি। পুলিশের এক আধিকারিক জানান, ওই তরুণী নাচের অনুষ্ঠানের জন্য বিশাখাপত্তনমে গিয়েছিলেন। ১০ অক্টোবর গুয়াহাটিতে একটি ব্যাংকের পরীক্ষা থাকায় তিনি বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ‘৫ অক্টোবর সন্ধ্যায় তিনি অনলাইনে ‘শিলচর এক্সপ্রেস’-এর জন্য একটি তৎকাল টিকিট কাটার চেষ্টা করেছিলেন, কিন্তু রিজার্ভেশন নিশ্চিত হয়নি।’ এরপর তিনি বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনে যান। অসমগামী ‘বিবেক এক্সপ্রেস’-এ ২২৫০৩ নম্বর ট্রেনে ওঠেন। তাঁর মায়ের অভিযোগ, তিনি ৫ অক্টোবর রাত ১১টা ৫০ মিনিটে ট্রেনে উঠেছিলেন। ট্রেনটি রাত ১২টা ১০ মিনিটে বিশাখাপত্তনম ছাড়ে এবং ৭ অক্টোবর সকাল ৯টা ৫ মিনিটে গুয়াহাটিতে পৌঁছানোর কথা ছিল।
ট্রেন যাত্রার সময় বন্ধুদেরকে অত্যধিক ভিড়ের কথা জানিয়েছিলেন তিনি। পুরুষ যাত্রীরা তাঁকে ঘিরে ধরেছিলেন বলেও অভিযোগ করেছিলেন তরুণী। পরিবারের সদস্যদের তিনি শেষ মেসেজ করেছিলেন, চারপাশে অনেক পুরুষ থাকায় তিনি ভয় পাচ্ছেন।
ট্রেনে ওঠার পরেও পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তরুণী। পুলিশ জানিয়েছে, ৬ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটের দিকে পরিবারের সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল। তবে পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ কথা হয়েছিল ৬ অক্টোবর মঙ্গলবার রাত ২টা ৩৯ মিনিটে। এরপর তাঁকে আর ফোনে পাওয়া যায়নি।