ওঙ্কার ডেস্ক: বেঙ্গালুরুতে এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে এই খুনের পিছনে রয়েছে নিহত তরুণীর লিভ-ইন প্রেমিক। মাত্র ছয় মাস আগেই থেকে একসঙ্গে থাকতে শুরু করেছিল তারা বলেও জানা গিয়েছে। খুনের পর পালানোর চেষ্টা করে অভিযুক্ত প্রেমিক কিন্তু পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণী সিকিমের বাসিন্দা ছিলেন এবং কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন। একটি বিউটি স্যালনে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন তিনি। কয়েক বছর আগে ইনস্টাগ্রামের মাধ্যমে অভিযুক্ত যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই পরিচয় ধীরে ধীরে বন্ধুত্বে এবং পরে প্রেমের সম্পর্কে পরিণত হয়। পরবর্তীতে দু’জনে একসঙ্গে থাকতে শুরু করেন এবং লিভ-ইন সম্পর্কে ছিলেন। তদন্তকারীদের দাবি, গত কয়েক মাস ধরে তাঁদের সম্পর্কে অশান্তি বাড়ছিল। অভিযুক্ত যুবক তরুণীর চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করতেন এবং অন্য কারও সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে বলে মনে করতেন। এই বিষয়টি নিয়ে প্রায়ই দু’জনের মধ্যে বচসা ও মনোমালিন্য চলত। ঘটনার দিনও একই কারণে তুমুল ঝগড়া বাঁধে বলে অভিযোগ।
পুলিশের দাবি, বচসা চরমে পৌঁছতেই অভিযুক্ত যুবক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাগের মাথায় ধারালো অস্ত্র দিয়ে তরুণীর উপর হামলা চালান তিনি। গলায় গভীর আঘাতের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। ঘটনার পর অভিযুক্ত পালানোর চেষ্টা করলেও পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ফরেনসিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তের স্বার্থে মোবাইল ফোন, চ্যাট হিস্ট্রি এবং অন্যান্য ডিজিটাল তথ্য খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানতে চাইছে, দীর্ঘদিন ধরে চলা সম্পর্কের অবনতির পেছনে ঠিক কী কারণ কাজ করছিল এবং ঘটনার আগে কোনও পরিকল্পনা ছিল কি না।
এই ঘটনার পর স্থানীয় এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। তরুণীর অকালমৃত্যুতে তাঁর পরিবার গভীর শোকাহত। অন্যদিকে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। হত্যার পেছনে অন্য কোনও কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।