ওঙ্কার ডেস্ক: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিশ্বের রাষ্ট্রনেতাদের সঙ্গে নৈশভোজে সামিল হওয়ার সুযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ব্রিকস সম্মেলনের উদ্বোধন উপলক্ষে শনিবার দিল্লি যাওয়ার কথা তাঁর। সূত্রের খবর, শনিবার দুপুর অথবা বিকেলের দিকে কলকাতা থেকে রাজধানীর উদ্দেশে রওনা হতে পারেন তিনি। রাজধানীতে শি জিনপিং, ভ্লাদিমির পুতিনের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন তিনি।
দু’দিনের ব্রিকস সম্মেলনকে ঘিরে দিল্লিতে জোর প্রস্তুতি চলছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের দাবি। সেই তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও। সম্মেলনের প্রথম দিনের অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি ভবনে বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন। সূত্রের দাবি, ওই নৈশভোজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উপস্থিত থাকতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও সেখানে থাকার কথা। ফলে একই অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী এবং একাধিক বিদেশি রাষ্ট্রপ্রধানের সঙ্গে শুভেন্দুর উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।
জানা যাচ্ছে, ব্রিকসের উদ্বোধনী অনুষ্ঠানের পর রাইসিনা হিলসে এই নৈশভোজ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে আমন্ত্রণপত্র পৌঁছেছে বলে সূত্রের খবর। সেই আমন্ত্রণ গ্রহণ করেই দিল্লি যাওয়ার প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর দেশের মাটিতে এত বড় আন্তর্জাতিক সম্মেলনে শুভেন্দুর অংশগ্রহণকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কারণ ব্রিকসের মতো মঞ্চে বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি থাকে। ফলে এই সফরকে আন্তর্জাতিক কূটনীতির আবহে রাজ্যের প্রতিনিধিত্বের সুযোগ হিসেবেও দেখা হচ্ছে।