শিলিগুড়িতে এসটিএফ এবং জিআরপির যৌথ অভিযানে বড় সাফল্য। প্রায় আড়াই কিলোগ্রাম মাদক উদ্ধার করল পুলিশ। সূত্রের খবর, উদ্ধার হওয়া মাদকের বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। ঘটনায় দুই মহিলা-সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
জানা যাচ্ছে, শুক্রবার শিলিগুড়ি এসটিএফ এবং শিলিগুড়ি জিআরপি এবং এনজেপি জিআরপি যৌথ উদ্যোগে তল্লাশি অভিযানে নামে। অভিযান চলাকালীন চারজনকে দেখে সন্দেহ হয় তাঁদের। এরপর তাদের তল্লাশি শুরু করতেই উদ্ধার হয় চাঞ্চল্যকর সামগ্রী। তিনটি পিঠব্যাগ ও একটা লেডিজ ব্যাগের ভিতর থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত চারজনই কোচবিহারের বাসিন্দা। তবে উদ্ধার হওয়া ওই মাদক কোথা থেকে আনা হয়েছিল বা কোথায় পাচারের উদ্দেশ্য ছিল তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না,তা জানতে তদন্ত শুরু করেছে জিআরপি ও শিলিগুড়ি স্পেশাল টাস্ক ফোর্স। পাশাপাশি ঘটনার সঙ্গে ভিনরাজ্যের যোগ আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।