ওঙ্কার ডেস্ক: বাজেটে ভোটার কার্ডের জন্য বরাদ্দ করা হল ২৫০ কোটি টাকা। দেশের বিভিন্ন রাজ্যে ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজ চলছে। নতুন করে এপিক কার্ড দেওয়া হবে বহু ভোটারের। এই বিষয়টি মাথায় রেখে বরাদ্দ বাড়ানো হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
ভোটার কার্ড বাবদ কেন্দ্রীয় আইন মন্ত্রককে ২৫০ কোটি টাকা দেওয়া হবে। এ ছাড়া, ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের খরচ বাবদ। উল্লেখ্য, দেশের ভোটারদের জন্য পরিচয়পত্র তৈরি করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। কেবল কেন্দ্রীয় সরকার এই খরচ বহন করে না। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে এই খরচ সমান ভাগে ভাগ হয়ে যায়। সংশ্লিষ্ট রাজ্য ভোটার সংখ্যা অনুযায়ী পরিচয়পত্রের জন্য টাকা দেয়। বাকি অর্থ দেয় কেন্দ্র সরকার। সূত্রের খবর, বর্তমানে ভারতে ভোটার রয়েছে প্রায় ৯৯ কোটি।
পাশাপাশি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় সরকারের যে খরচ হয়েছে তার জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মূলত নির্বাচন কমিশন, নির্বাচনী আইন প্রয়োগকারী সংস্থার কাজে যা খরচ হয়েছে তার জন্য এই বরাদ্দ। চলতি বছরে পশ্চিমবঙ্গ-সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। অন্য দিকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে এসআইআর। এই আবহে ভোটার কার্ডের জন্য আবেদনের সংখ্যাও বাড়ছে।
