ওঙ্কার ডেস্কঃ লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। সেই আবহেই এবার বিরোধীদের পালটা দিতে স্পিকারের প্রতি ‘পূর্ণ আস্থা’ প্রকাশ করে তাঁকে চিঠি লিখলেন এগারো জন বিজেপি সাংসদ। পাশাপাশি চিঠিতে স্পিকারের প্রতি বিরোধী দলগুলির আচরণের সমালোচনাও করেছে বিজেপির সাংসদেরা।
গত বুধবার প্রধানমন্ত্রীর উপর শারীরিক হামলার আশঙ্কায় অধিবেশন মুলতুবি করেছিলেন স্পিকার। সেই ঘটনাকে ভালোভাবে দেখেনি বিরোধী দলগুলি। শাসকের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা। বাজেট অধিবেশনেই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্ততি নেওয়া শুরু হয়েছে। তারমধ্যেই স্পিকারের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে চিঠি দিয়েছে গেরুয়া শিবির।
উল্লেখ্য, এই বিতর্ক শুরু হয়েছিল প্রাক্তন সেনাপ্রধান এমএম নারাভানের বিতর্কিত বই নিয়ে। এই বইয়ে লাদাখে চিনা আগ্রাসন সংক্রান্ত বিষয় যা লেখা হয়েছে, তার একটি অংশ সংসদে গত সোমবার পড়তে চেয়েছিলেন রাহুল। কিন্তু স্পিকার বাধা দেওয়ায় কংগ্রেস নেতা তা পড়তে পারেননি। তারপরই বিরোধীরা অভিযোগ করেন, একাধিক বিষয়ে আলোচনার দাবি থাকলেও আলোচনার অনুমতি মেলেনা। বিরোধী দলের নেতাদের কোনও কথা বলতে দেওয়া হচ্ছে না। লোকসভার অধ্যক্ষ তাঁর ইচ্ছে মতো বারবার অধিবেশন মুলতুবি করে দিচ্ছেন।
