ওঙ্কার ডেস্ক: আগুন নেভাতে গিয়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দুই দমকলকর্মীর। সোমবার গভীর রাতে গ্রেটার নয়ডার একটি ইলেকট্রনিক চিপ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনার খবর পেয়ে কর্তব্য পালন করতে গিয়েছিল দমকল বাহিনী। তখনই ঘটে দুর্ঘটনা। আগুন নেভানোর চেষ্টার সময় দেওয়াল ভেঙে পড়ায় দুজনের মৃত্যু হয়। এই ঘটনায় জখম হয়েছেন আরও তিন জন।
পুলিশের তরফে জানানো হয়েছে, ইকোটেক-৩ শিল্প এলাকার আইএলজিআইএম কোম্পানির কারখানায় আগুন লাগার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পর দমকল বাহিনীর ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশের এক আধিকারিক জানান, দমকলকর্মীরা যখন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন, সেই সময় কারখানার ভেতরে একটি দেওয়াল ও লোহার বিম হঠাৎ ভেঙে পড়ে। তার ফলে পাঁচ দমকলকর্মী জখম হন। তিনি আরও জানান, আহত পাঁচ জনকেই দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
মৃত দুজনের নাম রোহিত যাদব এবং হেড কনস্টেবল-কাম-ড্রাইভার তীর্থপাল। আহত অন্য তিন দমকলকর্মী চিকিৎসাধীন রয়েছেন। তিন জন হলেন, হেড কনস্টেবল-কাম-ড্রাইভার রাজপাল সিং এবং দমকলকর্মী মণীশ কুমার ও অমিত কুমার। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা রয়েছেন। রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলও। কী কারণে এই অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ।