ওঙ্কার ডেস্ক: রান্নার সময় আচমকাই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ। তার জেরে ভেঙে পড়ল গোটা বাড়ি। ভয়াবহ এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন অন্তত তিনজন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফতেহপুরে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
এদিন ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। যান উচ্চপদস্থ আধিকারিকরাও। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালওয়ান এলাকায় একটি দোতলা বাড়িতে সোমবার সন্ধ্যায় রান্না চলছিল। সেই সময় আচমকা গ্যাস সিলিন্ডারে প্রবল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে গিয়ে তাঁরা দেখেন, বাড়িটির একটি অংশ পুরোপুরি ধসে পড়েছে।
স্থানীয় বাসিন্দারাই প্রথমে দমকল ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। উদ্ধারকারী দলও সেখানে যায়।
ঘটনার সময় ওই বাড়িতে মোট সাতজন ছিলেন বলে জানা গিয়েছে। তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। অন্যদিকে ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের।
সূত্রের খবর, মৃতদের মধ্যে তিন বছরের একটি শিশুও রয়েছে। আহতদের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছে বলে স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন তিনি। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।