ওঙ্কার ডেস্ক: নাবালিকাকে অপহরণ করে একাধিক বার ধর্ষণ বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। ১৭ বছর বয়সী ওই কিশোরীকে অপহরণ করে মুম্বই ও পুনে নিয়ে যাওয়া হয়েছিল এবং ২৫ দিনের মধ্যে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম বাবুরাম (২১)। ১৪ নভেম্বর নাবালিকাকে অপহরণ করে সে। নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। চিতবারাগাঁও থানার আধিকারিক দীনেশ পাঠক বিষয়টি নিয়ে জানান, নির্যাতিতা নাবালিকাকে থানার আওতাধীন একটি জায়গা থেকে উদ্ধার করা হয়। সে পুলিশকে জানিয়েছে, বাবুরাম তাকে অপহরণ করে মহারাষ্ট্রের মুম্বই ও পুনেতে নিয়ে গিয়েছিল। শুধু তাই নয় সেখানে নিয়ে যাওয়ার পর ওই নাবালিকাকে ধর্ষণ করে বাবুরাম। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে, ভারতীয় ন্যায় সংহিতার ধর্ষণ সংক্রান্ত ধারা এবং পকসো আইনে মামলা করা হয়েছে। পুলিশ সুপার ওমবীর সিং জানিয়েছেন, শুক্রবার ধর্মপুর মোড়ের কাছে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে নারী নিরাপত্তা নিয়ে বিরোধীরা বিভিন্ন সময়ে সরব হয়েছে। ২০২০ সালে ওই রাজ্যের হাথরসে এক দলিত তরুণীকে গণধর্ষণ করেছিল উচ্চ বর্ণের পুরুষেরা। চিকিৎসাধীন অবস্থায় নির্যাতিতার মৃত্যু হয়। যে ঘটনা গোটা দেশে আলোড়ন ফেলে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনায় সরব হয় বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ।
