ওঙ্কার ডেস্ক: নতুন শ্রম কোড আনল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। যার ফলে দেশের শ্রম ব্যবস্থা একেবারে বদলে যাবে বলে দাবি শাসকদলের। শ্রমিকদের স্বার্থে এই কোড ঐতিহাসিক বলে মনে করছেন অনেকে। নতুন কোড অনুসারে গ্র্যাচুইটি পাবার সময়সীমার পরিবর্তন থেকে শুরু করে রাতে মহিলাদের কাজে স্বাধীনতা দেওয়া হয়েছে।
আগে দেশে ২৯টি শ্রম আইন কার্যকর ছিল। সেগুলি বাতিল করে কেন্দ্র সরকার ২১ নভেম্বর থেকে গোটা দেশে চারটি নতুন শ্রম কোড চালু করেছে। কেন্দ্র সরকারের দাবি, এর ফলে শ্রমিকরা সামাজিক নিরাপত্তার আওতায় আসবে। নতুন কোড অনুসারে মাত্র এক বছর কোনও সংস্থায় চাকরি করলে গ্র্যাচুইটি মিলবে কর্মীদের। আগে এই সময়সীমা ছিল ৫ বছর। অর্থাৎ ৫ বছর চাকরি না করলে গ্র্যাচুইটি থেকে বঞ্চিত হতেন কর্মীরা। এ ছাড়া ট্রান্সজেন্ডার কর্মীরাও সমান অধিকার পাবেন বলে কোডে স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি নারীরা যাতে নিজেদের সম্মতিতে নিরাপত্তা সুরক্ষায় রাতে কাজ করতে পারেন তা নিশ্চিত করতে হবে বলে কোডে জানানো হয়েছে। সমান মজুরির কথাও উল্লেখ করা হয়েছে।
ডিজিটাল যুগ শুরুর আগে দেশে গিগ ও অ্যাপ ভিত্তিক কর্মীদের জন্য আলাদা কোনও বিধান ছিল না। নয়া কোডে তাঁদেরকে আইনি স্বীকৃতি দেওয়া হল। পাশাপাশি বলা হয়েছে, নিয়োগকারী সংস্থার তরফে প্রত্যেক কর্মীকে নিয়োগপত্র দিতে হবে। সারা দেশে একই ন্যূনতম মজুরি, সময়মতো বেতন দিতে হবে। এ ছাড়া বলা হয়েছে, বছরে এক বার বিনামূল্যে ৪০ বছরের বেশি বয়সি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। খনন, কেমিক্যাল, নির্মাণ-সহ বিপজ্জনক ক্ষেত্রে যারা কাজ করেন তাদের জন্য বাড়তি স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
