ওঙ্কার ডেস্ক: সাতসকালে দিল্লির বুকে ভূমিকম্পের পর, বেলায় ভূমিকম্প লেহ-লাদাখে। শুধু লেহ-লাদাখই নয়, কম্পন অনুভূত হলো কাশ্মীরেও। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, সোমবার বেলা ১১টা ৫১ মিনিট নাগাদ জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে লাদাখ এবং তার পার্শ্ববর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পের কারণে এই অঞ্চলের জন্য সতর্কতা জারি করেছে কেন্দ্র।
সূত্রের খবর, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লেহতে। ভূপৃষ্ঠের ১৭১ কিলোমিটার গভীরে, ৩৬.৭১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৪.৩২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতিতে নজর রেখেছে সরকার।
সোমবার সকাল ৮টা ৪৪ মিনিটে কেঁপে ওঠে দিল্লিও। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ২.৮। ভূপৃষ্ঠের প্রায় ৫ কিলোমিটার গভীরে ছিল কেন্দ্র। তীব্রতা তেমন জোরালো না হলেও, দিল্লির বিভিন্ন অংশে ঝাঁকুনি অনুভূত হয়। সপ্তাহের শুরুতেই উত্তর ভারতে এই জোড়া ভূমিকম্পে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
লাদাখে ভূমিকম্পের আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় পর্যটকদের মধ্যে। উল্লেখ্য, লেহ-এর আশপাশে কিছু ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।
