ওঙ্কার ডেস্ক: নতুন বছরের শুরুতেই একধাক্কায় বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়। সেই মতোই ২০২৬ সালের প্রথম দিন দাম বাড়ানো হল গ্যাসের। তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে ১৯ কেজি সিলিন্ডারের গ্যাসের দাম বাড়ছে ১১১ টাকা করে।
সূত্রের খবর, শুক্রবার থেকে কলকাতায় ১৯ কেজির সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ১৬৮৪ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭৯৫ টাকা। দিল্লিতে ১৫৮০.৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬৯১.৫০ টাকা।
সাধারণত হোটেল-রেস্তরাঁ ও ক্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ্যাস ব্যবহার হয়। বাণিজ্যিক গ্যাসের দাম ফের বাড়ায় চাপ বাড়বে ব্যবসায়ীদের। চাপে পড়বেন LPG চালিত গাড়ির মালিকরাও।
বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের দাম একই থাকছে। উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ মাসে নারী দিবসে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমিয়েছিলেন প্রধানমন্ত্রী। আবার ২০২৫ সালের এপ্রিলে একধাক্কায় ৫০ টাকা দাম বাড়ায় কেন্দ্র। যার জেরে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়ে মধ্যবিত্তরা। তারপর তজেকে এখনও আর দামে হেরফের হয়নি।
