ওঙ্কার ডেস্ক: রাজধানী শহরে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। এমবিবিএস এর পড়ুয়া ওই ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, ধর্ষণের সময় নির্যাতিতার অশ্লীল ভিডিও এবং ছবি তুলেছে অভিযুক্ত। গোটা বিষয়টি জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা। এখনও পর্যন্ত অধরা অভিযুক্ত যুবক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার বয়স ১৮ বছর। এমবিবিএস এর ওই ছাত্রীকে ২০ বছর বয়সী এক যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ। গত ৯ সেপ্টেম্বর দিল্লির আদর্শ নগর এলাকার একটি হোটেলে মাদকাসক্ত করে তাঁকে ধর্ষণ করা হয়েছে। তরুণী তাঁর অভিযোগে জানিয়েছেন, অভিযুক্ত তাঁর সহপাঠী। সেও ডাক্তারি পড়ুয়া। নির্যাতিতা তরুণীর সঙ্গে অভিযুক্তের বন্ধুত্ব ছিল। সেই অজুহাতে একটি হোটেলে তাঁকে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর, অভিযুক্ত নির্যাতিতাকে মাদকাসক্ত করে এবং তারপর যৌন নির্যাতন করে। শুধু তাই নয় অভিযুক্ত যুবক তরুণীর অশ্লীল ছবি এবং ভিডিও ভাইরাল করে দেওয়ারও হুমকি দেয়।
পুলিশ জানিয়েছে, নির্যাতিতা আদতে হরিয়ানার জিন্দের বাসিন্দা। তিনি দিল্লির রোহিণীতে বাবা সাহেব আম্বেদকর মেডিকেল কলেজের হোস্টেলে থাকতেন। আধিকারিকরা জানিয়েছেন, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্তকে খুঁজে বের করার জন্য তল্লাশি চলছে। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে উত্তর প্রদেশে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজন স্কুল ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে, দক্ষিণ দিল্লির সিআর পার্ক এলাকায় ১৫ বছর বয়সী এক ছাত্রীকে তার টিউশন শিক্ষক তিন বছর ধরে একাধিকবার ধর্ষণ করেছিল বলে অভিযোগ সামনে আসে।
