ওঙ্কার ডেস্ক: ‘ঘর ওয়াপসি’র পক্ষে সওয়াল করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেই সঙ্গে হিন্দু দম্পতিদেরকে তিন সন্তান নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার উত্তরপ্রদেশের লখনউতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এসব বলেন ভাগবত।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মঙ্গলবার লখনউয়ে নিরালা নগরের সরস্বতী শিশু মন্দিরে এক সভায় ভাষণ দেন। সেই সময় তিনি হিন্দু সমাজকে আরও সতর্ক থাকার কথা বলেন। পাশাপাশি হিন্দু সম্প্রদায়কে আরও সংগঠিত এবং ক্ষমতা সম্পন্ন হতে হবে বলে মন্তব্য করেন তিনি। ধর্মান্তরের ঘটনা তুলে ধরে হিন্দুদের জনসংখ্যা হ্রাস পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভাগবত। আরএসএস প্রধান বলেন, প্রত্যেক হিন্দু পরিবারের অন্তত তিনটি সন্তান নেওয়া দরকার। বিজ্ঞানীদের উদ্ধৃতি দিয়ে দাবি করেন, প্রতি পরিবারে গড়ে তিন সন্তানের কম জন্মহারের সমাজগুলি শেষ পর্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে।
সরসঙ্ঘচালক বলেন, বিয়েকে প্রজন্ম তৈরির উপায় হিসেবে বিবেচনা করা উচিত, বরং কেবল আকাঙ্ক্ষা পূরণের জন্য বিয়ে নয়। পাশাপাশি, অনুপ্রবেশ ইস্যুতেও মুখ খুলেছেন আরএসএস প্রধান। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে নির্বাসিত করা উচিত। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা অনুচিত বলে মন্তব্য করেন তিনি। সামাজিক সম্প্রীতি জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে ভাগবত বলেন সম্প্রীতি না থাকলে বৈষম্য দেখা দেয়। তাঁর আরও সংযোজন, ‘আমরা সকলেই এক জাতি এবং এক মাতৃভূমির সন্তান।’ সনাতন দর্শন সম্প্রীতি এবং ঐক্যকে উৎসাহিত করে বলে দাবি করেন আরএসএস প্রধান।
