ওঙ্কার ডেস্ক: রাত পোহালেই দেশে কার্যকর হবে নয়া হারে জিএসটি। তার আগে রবিবার বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দেশবাসীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, নয়া হারে জিএসটি লাগু হলে দেশের গরীব, মধ্যবিত্ত, যুব সম্প্রদায়, কৃষক, মহিলা, ব্যবসায়ী, উদ্যোগপতি সবাই উপকৃত হবেন।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে বলেন, ‘নবরাত্রির প্রথম দিন থেকে দেশ আত্মনির্ভর ভারত অভিযানের লক্ষ্যে আরও এক গুরুত্বপূর্ণ ও বড় পদক্ষেপ নিচ্ছে। কাল অর্থাৎ নবরাত্রির প্রথম দিন ২২ সেপ্টেম্বর সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে নেক্সট জেনারেশন জিএসটি রিফর্মস লাগু হয়ে যাবে। একদিক দিয়ে কাল থেকে দেশে জিএসটি সাশ্রয় উৎসব শুরু হতে চলেছে। এই জিএসটি সাশ্রয় উৎসবে আপনাদের সাশ্রয় বাড়বে, আপনারা নিজের পছন্দের জিনিসকে সহজে কিনতে পারবেন। আমাদের দেশের গরীব, মধ্যবিত্ত, নিও মধ্যবিত্ত, যুব, কৃষক, মহিলা, ব্যবসায়ী, উদ্যোগপতি, সবার এই সাশ্রয় উৎসবে লাভ হবে। অর্থাৎ উৎসবের এই মরসুমে সবার মুখ মিষ্টি হবে। দেশের প্রত্যেক পরিবারে খুশি বাড়বে। আমি দেশের কোটি কোটি পরিবারকে নেক্সট জেনারেশন জিএসটি রিফর্মস এর বা এই সাশ্রয় উৎসবের অনেক অনেক অভিনন্দন জানাই।’
উল্লেখ্য, চলতি বছরের স্বাধীনতা দিবসে দেশবাসীর উদ্দেশে ভাষণে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসী খুব শীঘ্রই উপহার পেতে চলেছেন বলে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন জিএসটি কমানো হবে। প্রধানমন্ত্রীর কথা মতো পরে নয়া কাঠামোর জিএসটি ব্যবস্থার ঘোষণা করা হয়।
