ওঙ্কার ডেস্কঃ দিল্লির দূষণ তো আছেই, দোসর কুয়াশা। দিল্লিতে এই সময়টা কুয়াশা না ধোয়াশা, ঠিক ঠাহর করা যায় না। সব মিলিয়ে দিল্লির জনজীবন বিপর্যস্ত। দৃশ্যমান্যতার এমন অবস্থা যে, প্রতিদিনই সকালে চার-পাঁচ ঘন্টা পথে নাকানি চোবানি খাচ্ছে মানুষ। এই পরিস্থিতিতে দূষণ খানিক কমাতে বৃহস্পতিবার থেকে রাজধানীতে বলবৎ হতে চলেছে দুটি নয়া বিধি।
দিল্লি রাজ্য সরকারের পরিবেশ দফতর সিদ্ধান্ত নিয়েছে, ভারত স্টেজ টু সার্টিফিকেট বিহীন কোনও যানবাহন রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হবে না। আর পলিউশন ফ্রি সার্টিফিকেট না থাকলে পেট্রোল পাম্প জ্বালানি সরবরাহ করবে না। পরিবেশ মন্ত্রী মনজিন্দার সিং সিরসা জানিয়েছেন, রাজধানীতে কঠোরভাবে এই দুই নিয়ম বলবৎ করা হবে।
পরিবেশ মন্ত্রক এবং পুলিশের রিপোর্ট বলছে, বাইরের থেকে আসা গাড়ি দূষণের একটা বড় কারণ। কারণ সেগুলি বেশিরভাগই ভারত স্টেজ থ্রি মানের গাড়ি। এর ফলে দূষণের মাত্রা বাড়ছে রাজধানীতে। আর দিল্লিতে ভারত স্টেজ ফাইভ মানের গাড়িকেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়।
কিন্তু নয়াবিধি কীভাবে কার্যকর করা হবে? দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, রাজধানী অভিমুখী সমস্ত রাস্তায় আরো বেশি চেকিং হবে। এছাড়া পেট্রোল পাম্প মালিকদের বলা হয়েছে কেউ ভারত স্টেজ ফোর মান ছাড়া গাড়িকে জ্বালানি সরবরাহ করলে তাদের লাইসেন্স কেড়ে নেওয়া হবে।
