ওঙ্কার ডেস্ক: আয়কর নিয়ে বাজেটে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশে নতুন আয়কর আইন চালু হবে বলে রবিবার সংসদে জানান তিনি। রবিবার বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী বলেন, চলতি বছরের ১ এপ্রিল থেকে নয়া আয়কর আইন চালু হবে।
সাধারণ মানুষের কর জমা দিতে যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্য নতুন নিয়ম চালু করা হচ্ছে। ২০২৬-২৭ সালের বাজেট ঘোষণার সময় নির্মলা সীতারামণ বলেন, ‘২০২৪ সালের জুলাই মাসে আয়কর আইন নিয়ে পর্যালোচনার কথা বলা হয়েছিল। এরপরে ২০২৫ সালে নতুন আয়কর আইন ঘোষণা করা হয়। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন কার্যকর হচ্ছে। এমনভাবে আয়কর আইন বানানো হয়েছে, যাতে সাধারণ মানুষের কর জমা দিতে কোনও অসুবিধা না হয়।’
কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন আরও বলেন, মোটর অ্যাক্সিডেন্টে কোনও ক্লেম পাওয়া গেলে, সে ক্ষেত্রে কোনও আয়কর দিতে হবে না। ফিরিয়ে দেওয়া হবে টিডিএস-ও। অনাবাসীরা স্থাবর সম্পত্তি বিক্রি করলে টিডিএসে ছাড় দেওয়া হবে বলে জানান তিনি। আয়করের রিটার্ন জমা করার সময়ও বাড়ানো হয়েছে। ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ মার্চ করা হচ্ছে। তবে এর জন্য ন্যূনতম ফি দিতে হবে। ট্যাক্স রিটার্নের নিয়মেও ছাড় দেওয়া হবে। যারা আইটিআর-১, আইটিআর-২ জমা দেন, তারা ৩১ জুলাই পর্যন্ত জমা দিতে পারবেন। নন-অডিট বিজনেস বা ট্রাস্ট জমা দিতে পারবেন ৩১ অগস্ট পর্যন্ত।
