ওঙ্কার ডেস্ক: সঞ্চার সাথী অ্যাপ নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই অ্যাপ ‘গুপ্তচর’। শুধু তাই নয়, দেশকে একনায়কতন্ত্রের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার প্রিয়ঙ্কা আরও বলেন, দেশের নাগরিকদের গোপনীয়তার অধিকার রয়েছে। আপনাদেরও অধিকার রয়েছে, ব্যক্তিগত মেসেজ পরিবার, বন্ধুকে পাঠানোর। যার উপর কেউ নজরদারি করতে পারে না। সঞ্চার সাথী অ্যাপ প্রসঙ্গে তিনি আরও বলেন, এটি শুধু গুপ্তচরবৃত্তির কাজ করবে না। তারা সব মিলিয়ে দেশকে একনায়কতন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে। সংসদ কেন বারবার অচল হয়ে যাচ্ছে, এই প্রসঙ্গে প্রিয়ঙ্কা বলেন, আসলে ওরা চায় না, সংসদে মানুষের কথা আলোচনা হোক। এটা কোনও গণতন্ত্র নয়। এ বিষয়ে হাত শিবিরের অবস্থান প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব, আমাদের দলীয় অবস্থান কী হবে।
উল্লেখ্য, সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে, যেখানে দাবি করা হয়েছে দেশের টেলিকম মন্ত্রক মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলিকে সঞ্চার সাথী অ্যাপ প্রিলোড করার নির্দেশ দিয়েছে। গত ২৮ নভেম্বর এই নির্দেশ দেওয়া হয় বলে সূত্রের খবর। শাওমি, ভিভো, ওপো, স্যামসাং এর মতো মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলিকে এই নির্দেশ দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে। ৯০ দিনের মধ্যে মোবাইলে সঞ্চার সাথী অ্যাপ প্রিলোড করার কথা বলা হয় নির্দেশিকায়। ব্যবহারকারীরা অ্যাপটি আনইনস্টল করতে পারবেন না বলেও জানানো হয়। যা নিয়ে শুরু হয় বিতর্ক। এটি নাগরিকদের উপর নজরদারি চালানোর পন্থা বলে সরব হয় বিরোধীরা।
