ওঙ্কার ডেস্ক: দীর্ঘ দিন ধরে জাতিদাঙ্গায় রক্তাক্ত হয়েছে মণিপুরের মাটি। কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সেই সংঘর্ষে ঘর ছাড়া হয়েছিলেন বহু লোক। মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার তিন দিনের মণিপুর সফরে পৌঁছলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এদিন সকালে মণিপুরের রাজধানী ইম্ফলে পৌঁছন তিনি।
বিজেপির মেন্টর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবর্ষ উদযাপন চলছে। সূত্রের খবর, ভাগবতের এই সফর সঙ্ঘের সেই শতবর্ষ উদযাপনের অংশ। ২০২৩ সালে মে মাসের পর ভাগবতের এটি প্রথম মণিপুর সফর। সরসঙ্ঘচালক এমন সময়ে উত্তরপূর্বের এই রাজ্যে সফরে গিয়েছেন, যখন কিনা সেখানে রাষ্ট্রপতি শাসন চলছে। মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং চলতি বছরের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেছিলেন।
এদিন সকাল ১০টা ২০তে ইম্ফল বিমানবন্দরে নামার পর ভাগবতকে ভাস্কর প্রভায় নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, সেখানে উদ্যোক্তা, উপজাতি নেতা, যুবনেতা এবং বুদ্ধিজীবীদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা। ইম্ফল উপত্যকা এবং কিছু পার্বত্য জেলায় স্থানীয় নেতাদের সঙ্গেও মতবিনিময় করতে পারেন বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মণিপুরে শান্তি প্রতিষ্ঠা, আলোচনা এবং সামাজিক ঐক্য জোরদার করতে ভাগবতের এই সফর আরএসএসের একটি কৌশল হতে পারে। প্রসঙ্গত উত্তর পূর্বের এই রাজ্যে ভাগবত এর আগে গিয়েছিলেন ২০২২ সালে। ভাগবতের এই মণিপুর সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
