ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে সরব হয়েছে। বিষয়টি নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টেও। দেশের সর্বোচ্চ আদালতে যদিও নিজেদের অবস্থানের পক্ষে যুক্তি দিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, তিন নির্বাচন কমিশনারের এক জন সুখবীর সিং সান্ধু এসআইআর নিয়ে সতর্ক করেছিলেন। তিনি মত প্রকাশ করেছিলেন, স্পেশাল ইনটেনসিভ রিভিশনে দুর্বল গোষ্ঠী যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখা উচিৎ।
এসআইআর সংক্রান্ত এক ফাইলে সান্ধু লেখেন, ‘সত্যিকারের ভোটার, বিশেষ করে বৃদ্ধ, অসুস্থ, প্রতিবন্ধী, দরিদ্র এবং অন্যান্য দুর্বল গোষ্ঠী যাতে হয়রানির মুখে না পড়েন এবং তাদের সুবিধা দেওয়া হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত।’ উল্লেখ্য, চলতি বছরের ২৪ জানুয়ারি প্রথম বিহারে এসআইআর শুরুর নির্দেশ জারি করে কমিশন। সূত্রের খবর, ওই দিন সকালে খসড়া নির্দেশিকায় সান্ধু নিজের সতর্কবার্তা লেখেন। বিহারে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছিল, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কোনও রকম আলোচনা না করেই বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেন বলে।
উল্লেখ্য, ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন চালু করার লক্ষ্য মৃত এবং অবৈধ ভোটারদেরকে বাদ দিয়ে স্বচ্ছ তালিকা প্রস্তুত করা। সেই লক্ষ্যে কমিশন কাজ শুরু করলেও, বিরোধীরা হুঁশিয়ারি দিতে শুরু করে যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ গেলে বড়সড় আন্দোলনে নামার। শুধু তাই নয়, তাড়াহুড়ো করে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা নিয়েও প্রশ্ন তোলে বিরোধী রাজনৈতিক দলগুলির নেতারা।
