ওঙ্কার ডেস্কঃ বুধবার নজির গড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথমবার কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিমকোর্টে সওয়াল করলেন। এসআইআরের সুপ্রিম শুনানিতে প্রধান বিচারপতির সামনে কমিশনের একাধিক তুঘলকি সিদ্ধান্তের কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানির পর প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, সুপ্রিম কোর্ট যদি মনে করে তাহলে পশ্চিমবঙ্গে বাড়তে পারে এসআইআরের সময়সীমা। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। সেই দিন মুখ্যমন্ত্রী চাইলে ফের আদালতে উপস্থিত হয়ে নিজের বক্তব্য জানাতে পারেন বলেও জানিয়েছেন প্রধান বিচারপতি।
এসআইআর ইস্যুতে বাংলা ও বাংলার মানুষের হয়রানি, ও কমিশনের অরাজকতা আদালতে তুলে ধরলেন। বিচারপতিরা তাঁর কথা শোনেন। প্রায় ৫ মিনিট ধরে শীর্ষ আদালতে সওয়াল করেন মমতা। জানান, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও জাতীয় নির্বাচন কমিশন আধার কার্ড গ্রহণ করছে না! নামের বানান ভুলে ভোটারদের শুনানিতে ডেকে পাঠাচ্ছে কমিশন। বিয়ের পর মেয়েদের পদবি বদলালেও ডাকা হচ্ছে তাঁদের।
মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি বলেন, “দরকার হলে সময় বাড়াব, দেখছি। সোমবার আবার শুনানি। বাংলার মানুষের হয়ে মুখ্যমন্ত্রী অনেকটা বলেছেন। সোমবারও তিনি চাইলে আসতে পারেন। সবচেয়ে বড় কথা, বাংলার মানুষের হয়ে উনি বলতে পারলেন।” বুধবার শুনানির পর উভয়পক্ষকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট।
