ওঙ্কার ডেস্ক: তিন দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার তিনি এই সফর শুরু করবেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ক্রিটিক্যাল মিনারেলস সংক্রান্ত বিষয়ে এক বৈঠকে যোগ দেবেন জয়শঙ্কর। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও-এর তরফে আয়োজন করা হয়েছে মন্ত্রী পর্যায়ের ওই বৈঠক।
বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুসারে, মন্ত্রী পর্যায়ের ওই আলোচনা সভায় বিষয় হিসেবে উঠে আসবে সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা, স্বচ্ছ জ্বালানি রূপান্তর এবং ক্রিটিক্যাল মিনারেলসে কৌশলগত সহযোগিতা। ২ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মার্কিন মুলুকে থাকবেন ভারতের বিদেশমন্ত্রী। এই সময়পর্বে এস জয়শঙ্কর মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। উল্লেখ্য, গত সপ্তাহে নয়াদিল্লিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেন এস জয়শঙ্কর। সূত্রের খবর, সেই বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। গোরকে স্বাগত জানিয়ে, জয়শঙ্কর আত্মবিশ্বাস ব্যক্ত করেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক জোরদার করতে তিনি অবদান রাখবেন। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে ভারতের বিদেশমন্ত্রী লিখেছিলেন, ‘আজ নয়াদিল্লিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। আলোচনায় আমাদের অংশীদারিত্বের বিভিন্ন দিক উঠে এসেছে। তাঁকে স্বাগত জানিয়েছি এবং আত্মবিশ্বাসী তিনি ভারত-মার্কিন সম্পর্ককে শক্তিশালী করতে অবদান রাখবেন।’
এর আগে গত ১৩ জানুয়ারি, মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন। সেই কথায় ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেসামরিক পারমাণবিক শক্তি, বাণিজ্য আলোচনা এবং আঞ্চলিক নিরাপত্তা-সহ সহযোগিতার গুরুত্বপূর্ণ দিকগুলি পর্যালোচনা করা হয়।
