ওঙ্কার ডেস্ক: নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল কুকুর মুক্ত গ্রাম। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে নির্বিচারে পথকুকুরদের বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে খুন করা হল। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেড্ডি জেলায়। কুকুর হত্যার পেছনে স্থানীয় পঞ্চায়েত প্রধান রয়েছেন বলে জানা গিয়েছে। এক এক করে ৫০০টি কুকুরকে এই ভাবে মারা হয়েছে বলে অভিযোগ।
পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এই আবহে পথকুকুরদের এই ভাবে ইঞ্জেকশন দিয়ে খুন করার ঘটনা প্রকাশ্যে আসায় শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান-সহ ১৫ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে পুলিশ। কামারেড্ডি জেলার বাসিন্দারা জানিয়েছেন, এখনও পর্যন্ত ৫০০ পথকুকুরকে খুন করে গ্রামের কাছে একটি নির্জন জায়গায় মাটি চাপা দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমে মৃত কুকুরগুলির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কুকুরগুলিকে বিষ প্রয়োগ করে মারা হয়েছে। বিস্তারিত জানতে নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
উল্লেখ্য, পথকুকুরদের জন্য আশ্রয়কেন্দ্র রাখা উচিত কিনা তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। মঙ্গলবারই শুনানি চলাকালীন শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ‘কুকুরের কামড়ে শিশু বা বয়স্কদের মৃত্যু হলে বা জখম হলে রাজ্য কর্তৃক মোটা অঙ্কের ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারি আমরা।’ ওই দিন সর্বোচ্চ আদালত পশুপ্রেমীদেরও সতর্ক করেছে। বাড়িতে নিয়ে গিয়ে কুকুরদের যত্ন করার পরামর্শ দিয়েছেন বিচারপতি।
