ওঙ্কার ডেস্কঃ নিট বিক্ষোভকারীদের মামলায় বড় নির্দেশ শীর্ষ আদালতের। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিল, যেসব আন্দোলনকারীদের বয়স আঠেরো বছরের নিচে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এছাড়াও যেসব প্রতিবাদীদের অতীতে কোনও অপরাধের নজির নেই, তাদেরও যত দ্রুত সম্ভব মুক্তি দিতে হবে।
শীর্ষ আদালত আরও জানিয়েছে, প্রতিবাদীদের বিরুদ্ধে যেসমস্ত এফআইআর দায়ের হয়েছে সেই অভিযোগের ভিত্তিতেও কোনও পদক্ষেপ করা যাবে না। গত ২০ জুন দিল্লিতে পড়ুয়াদের সংসদ অভিযানে পুলিশের লাঠিচার্জ, নানা রাজ্যে প্রতিবাদীদের গ্রেপ্তার-সহ একাধিক ইস্যুতে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার বেশ কয়েকটি মামলা একত্রিত করে শুরু হয় শুনানি।
প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির পর অন্তর্বর্তী রায় দেওয়া হয়। তিন সদস্যের বেঞ্চ জানিয়েছে, নাবালকদের এবং অতীতে অপরাধের রেকর্ড না থাকা ধৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এই মর্মে কেন্দ্র সরকারকে নোটিস দিয়েছে শীর্ষ আদালত। এছাড়াও মহারাষ্ট্র, বিহার, অসম, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং দিল্লি সরকারকেও নোটিস পাঠানো হয়েছে।