ওঙ্কার ডেস্ক: ভয়াবহ ঘটনা উত্তরপ্রদেশে। সে রাজ্যে বালিয়া জেলার একটি সরকারি স্কুলে ষষ্ঠ শ্রেণির একি ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ৫০ বছর বয়সী এক শিক্ষকের বিরুদ্ধে। ইতিমধ্যে গোটা ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত শিক্ষককে স্কুল কর্তৃপক্ষ সাসপেন্ড করেছে।
অভিযোগ, ওই শিক্ষক ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে স্কুলের ‘স্মার্ট ক্লাসরুমে’ নিয়ে যেতেন প্রায় সময়। সেখানে গত কয়েক দিন ধরে তার সঙ্গে অশ্লীল আচরণ করতেন ওই শিক্ষক। স্কুলের অন্য শিক্ষার্থীদের দাবি, অভিযুক্ত শিক্ষক প্রতিদিন মেয়েটিকে একা নিয়ে যেতেন। প্রতিবাদ করলে স্কুল রেজিস্টার থেকে তার নাম কেটে দেওয়ার হুমকি দিতেন। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, অন্য কর্মীরা তাঁর আচরণের বিরোধিতা করলেই তিনি তাঁদের সঙ্গে ঝগড়া করতেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক এবং অভিভাবকরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন আগেই।
ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে অভিভাবক ও গ্রামবাসীরা স্কুলের বাইরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। ব্লক শিক্ষা আধিকারিক সুনীল চৌবে আশ্বাস দেন, ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর অবরোধ তুলে নেওয়া হয়। জেলা শিক্ষা আধিকারিক মণীশ কুমার সিং জানান, সুনীল চৌবের জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে মঙ্গলবার রাতেই ওই শিক্ষককে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে। তিনি বলেন, অভিযোগগুলো গুরুতর। ছাত্রীদের মর্যাদা ও নিরাপত্তার কথা মাথায় রেখে এবং স্কুলের পরিবেশের কথা বিবেচনা করে ওই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নাভানাগর ব্লক শিক্ষা আধিকারিক পঙ্কজ কুমার সিংকে তদন্তের ভার দেওয়া হয়েছে। তাঁকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।