ওঙ্কার ডেস্ক: কোটি কোটি নগদ টাকা উদ্ধার হল আবার। বীরভূমের একদা দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ টুলু মণ্ডলের এক আত্মীয়ের বাড়ি থেকে এই বিপুল অর্থ উদ্ধার হয়েছে। বীরভূমের মহম্মদবাজারে মঙ্গলবার রাত থেকে চলছে টাকা গোনার কাজ। ইতিমধ্যে টাকা গুনতে পাঁচটি মেশিন আনা হয়েছে। সূত্রের খবর, নগদ টাকার পাশাপাশি কয়েক কেজি সোনাও উদ্ধারও হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে মহম্মদবাজারের দেউচা এলাকায় টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। বাড়ি ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। পুলিশের একটি দল তল্লাশি অভিযান চালান। আনুমানিক ৮ থেকে ১০ কেজি সোনা উদ্ধার হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তবে টাকা উদ্ধারের বিষয়ে পুলিশ এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি। স্থানীয়দের দাবি, মিনার পেশায় একজন সরকারি বাসের চালক। পাথর ব্যবসার সঙ্গে জড়িত তিনি। টুলুর একাধিক খাদানের সঙ্গেও যুক্ত মিনার। তবে এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল, এর উৎস কী, তা এখনও স্পষ্ট নয়। এগুলি বেআইনি কিনা তা পরিষ্কার নয়।
অন্য দিকে টাকা উদ্ধারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, পূর্বের তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ‘দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের সরকারের জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে।’ দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।