ওঙ্কার ডেস্ক: উত্তরাখণ্ডে মাদ্রাসা বোর্ড বন্ধ করে দেওয়ার পথে বিজেপি শাসিত সরকার। সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালনার জন্য চালু করা হচ্ছে নতুন বোর্ড। সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠানে কী পড়ানো হবে তা ওই বোর্ড ঠিক করবে। উত্তর ভারতের ওই রাজ্যে সংখ্যালঘু পরিচালিত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে ওই বোর্ডের কাছ থেকেই অনুমোদন নিতে হবে।
রিপোর্ট অনুসারে, চলতি বছর অর্থাৎ ২০২৬ সালের জুলাই মাসে সে রাজ্যে মাদ্রাসা বোর্ড বন্ধ করা হচ্ছে, এমনটাই জানিয়েছেন উত্তরাখণ্ডের বিশেষ সচিব পরাগ মধুকর ধাকাতে। তিনি জানান, এ বার থেকে সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে উত্তরাখণ্ড সংখ্যালঘু বোর্ডের আওতায় আনা হবে। ওই বোর্ড রাজ্যের শিক্ষা বোর্ডের অন্তর্গত। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি গত বিধানসভা অধিবেশনের সময় ঘোষণা করেছিলেন মাদ্রাসা বোর্ড বন্ধের কথা।
সংখ্যালঘুদের জন্য নতুন যে বোর্ড গঠন করা হয়েছে, তার চেয়ারম্যান অধ্যাপক সুজিত সিং গান্ধী। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক রাকেশ জৈন, পেমা তেনজিন, রোবিনা আমন, গুরমীত সিংহ ও সৈয়দ আলি হামিদ, এলবা মেড্রেল। বোর্ডের সদস্য হিসেবে থাকছেন প্রাক্তন আইএএস আধিকারিক চন্দ্র শেখর ভাট ও রেজেন্দ্র সিংহ বিশত। এ ছাড়া পদাধিকার বলে নতুন বোর্ডের সদস্য হবেন স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ও সংখ্যালঘু কল্যাণ দফতরের ডিরেক্টর।
