ওঙ্কার ডেস্ক: দেশের যুব সমাজকে সেনা বাহিনীতে কাজের সুযোগ দেওয়ার জন্য মোদী সরকারের তরফে চালু করা হয়েছিল অগ্নিবীর প্রকল্প। বর্তমানে যে নিয়ম চালু রয়েছে, তাতে এই প্রকল্পে নাম লিখিয়ে কর্তব্য পালনকারীদের সিংহভাগকে চার বছরের মাথায় বসিয়ে দেওয়া হয়। অর্থাৎ, ২৫ শতাংশকে স্থায়ী করে ৭৫ শতাংশকে বসিয়ে দেওয়া হয়। এবার সেই নিয়মে বদল হতে পারে। সেনা সূত্রে খবর, বাহিনীর শীর্ষ পর্যায়ে ভাবনা চিন্তা চলছে, ৭৫ শতাংশকে সেনায় স্থায়ী ভাবে কাজের সুযোগ দিয়ে বাকি ২৫ শতাংশকে বসিয়ে দেওয়ার।
গত মে মাসে অপারেশন সিঁদুর অভিযানের পর থেকেই বাহিনীতে এই ধরনের প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়। তিন বাহিনীর শীর্ষ পর্যায়ে এই বিষয়ে ঐকমত্যে পৌঁছায়। সূত্রের খবর, আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব বৃহস্পতিবার রাজস্থানের জয়সলমেরে হতে চলা আর্মি কমান্ডারস কনফারেন্সে পেশ হতে চলেছে।
উল্লেখ্য, ২০২২ সালে সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগের সিদ্ধান্ত ঘিরে কম বিতর্ক তৈরি হয়নি। দেশজুড়ে হিংসাত্মক প্রতিবাদ ছড়িয়ে পড়ে। চাপের মুখে তখন ভারত সরকার অগ্নিবীরদের চাকরির শর্তে বেশ কিছু সংশোধনী আনে। তার মধ্যে যেমন ছিল বেতন বৃদ্ধি, তেমন চাকরির মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে চার বছর করা হয়। তখনও আন্দোলনকারীরা দাবি করেছিলেন অগ্নিবীরদের অধিকাংশকে মূল সেনাবাহিনীতে স্থায়ী ভাবে নিয়োগ করার। কিন্তু সেই সময় সেনাকর্তারা এই প্রস্তাবে রাজি হননি। তবে সূত্রের খবর, পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযানে এই নবীন সেনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর তার পর থেকেই এই বিষয়ে ভাবনা চিন্তা শুরু করে বাহিনী।
