ওঙ্কার ডেস্ক: থ্যালাসেমিয়ায় আক্রান্ত পাঁচ শিশুকে রক্ত দেওয়ার পর এইচআইভি পজিটিভ ধরা পড়েছে। আর তার জেরে সাসপেন্ড করা হল সংশ্লিষ্ট আধিকারিকদের।ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায়। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নির্দেশে সিভিল সার্জন এবং অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকদের সাসপেন্ড করা হয়েছে বলে খবর।
সাত বছর বয়সী এক থ্যালাসেমিয়া রোগীর পরিবারের অভিযোগ, পশ্চিম সিংভূমের জেলা সদর শহর চাইবাসার স্থানীয় ব্লাড ব্যাংক এইচআইভি সংক্রামিত রক্ত দিয়েছে। সেই অভিযোগের পর তদন্ত শুরু হতে জানা যায়, আরও চার শিশুর দেহে এইচআইভি পজিটিভ পাওয়া গেছে। রবিবার রাঁচি থেকে পাঁচ সদস্যের একটি মেডিকেল টিমের তদন্তে এটি প্রকাশ্যে আসে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘চাইবাসায় থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের এইচআইভি সংক্রামিত রক্ত সঞ্চালনের রিপোর্ট আসার পর পশ্চিম সিংভূমের সিভিল সার্জন এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার আক্রান্ত শিশুদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে এবং আক্রান্ত শিশুদের সম্পূর্ণ চিকিৎসার খরচ বহন করবে।’
সাত বছর বয়সী শিশুটির পরিবারের তরফে অভিযোগ আনার পর, কীভাবে এইচআইভি সংক্রামিত রক্ত শিশুটিকে দেওয়া হয়েছে তা খুঁজে বের করার জন্য রাজ্য সরকার একটি মেডিকেল টিম গঠন করেছে। আধিকারিকরা জানিয়েছেন, শিশুটি ব্লাড ব্যাঙ্কে আসা শুরু করার পর থেকে প্রায় ২৫ ইউনিট রক্ত দেওয়া হয়েছে। জেলার সিভিল সার্জন ডাঃ সুশান্ত মাঝির দাবি, এক সপ্তাহ আগে শিশুটির এইচআইভি পজিটিভ ধরা পড়েছিল।
