ওঙ্কার ডেস্কঃ অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্রসৈকতে ইহুদি নিধনে অভিযুক্ত ২ আততায়ীর মধ্যে একজন জন্মসূত্রে ভারতীয়। মঙ্গলবার এই ঘটনা প্রকাশ্যে এসেছে। আর ঘটনাচক্রে, মঙ্গলবারই ইজরায়েলে পৌঁছোছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অস্ট্রেলিয়ায় ইহুদি-হত্যার তীব্র নিন্দা করেন তিনি। আততায়ীদের ভারত যোগ থাকা প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, ভারত কোনওভাবেই সন্ত্রাসবাদকে সমর্থন করে না।
দু’দিনের সফরে ইজরায়েলে গিয়েছেন জয়শঙ্কর। ইজরায়েলি বিদেশমন্ত্রী গিদন মোশে সারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানেই সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রী জানান, ‘‘সন্ত্রাসবাদকে কোনও ভাবেই সমর্থন করে না ভারত। এ বিষয়ে ভারত ও ইজরায়েল, দুই দেশই ‘জ়িরো টলারেন্স’ নীতি মেনে চলে। হনুক্কাহ্ উৎসব চলাকালীন বন্ডাই সৈকতে যে জঙ্গি হানা হয়েছে, তা নিয়ে ভারত গভীর ভাবে শোকাহত।’
জয়শঙ্কর আরও জানিয়েছেন, বৈঠকে দুই দেশের মধ্যে কূটনৈতিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে। গাজা শান্তি পরিকল্পনার প্রতি ভারতের সমর্থনও পুনর্ব্যক্ত করেছেন তিনি। সূত্রের খবর, শীঘ্রই ভারতে আসতে পারেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রধান্মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎতের সম্ভাবনাও রয়েছে। তার আগেই ইজরায়েল সফর করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
