ওঙ্কার ডেস্ক: কেবলমাত্র রাজধানী দিল্লিতে কেন, সারা দেশে কেন শব্দবাজি নিষিদ্ধ হবে না, তা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। শুক্রবার এক মামলার প্রেক্ষিতে এমন পর্যবেক্ষণ ভারতের সর্বোচ্চ আদালতের। দেশের এমন বহু শহর আছে যেখানে দূষণের মাত্রা অনেকটাই বেশি, সেই শহরগুলিতেও কেন নিষেধাজ্ঞা জারি করা হবে না, সেই প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গভইয়ের পর্যবেক্ষণ, যদি রাজধানী শহরের বাসিন্দারা স্বচ্ছ এবং দূষণমুক্ত বাতাস পাওয়ার অধিকারী হন, তা হলে ভারতের অন্য শহরের মানুষ সেই অধিকার থেকে বঞ্চিত হবেন কেন? তার পরেই প্রধান বিচারপতি বলেন, শব্দবাজির বিষয়ে সারা দেশে এক বিধি থাকা উচিত। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (সিএকিউএম)-কে নোটিস পাঠিয়েছে।
উল্লেখ্য, দিল্লিতে এক বছর শব্দবাজি নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরোধিতা করেছে বাজি বিক্রেতারা। এই সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা করেন বাজি বিক্রেতা এবং প্রস্তুতকারকেরা। তাঁদের বক্তব্য, শব্দবাজি তৈরি করা এবং এগুলি বিক্রির সঙ্গে বহু পরিবার যুক্ত রয়েছে। তাই শব্দবাজি নিষিদ্ধ হওয়ার ফলে এই পরিবারগুলি ক্ষতির মুখে পড়ছে। শুক্রবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি জানান, পরিবেশ সংক্রান্ত যা নিয়ম রয়েছে, তা গোটা দেশে একই হওয়া উচিত।
