ওঙ্কার ডেস্কঃ কিছুদিন আগেই বাংলাদেশে গুলিবিদ্ধ হয়েছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সেই থেকে বাংলাদেশ উত্তপ্ত। ওসমান হাদির পরে এবার আরও এক জন গুলিবিদ্ধ হলেন। খুলনায় নাহিদ ইসলামের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক নেতাকে গুলি করার অভিযোগ উঠল। অভিযোগ, সোমবার ১২টা নাগাদ সোনাডাঙার একটি বাড়িতে ঢুকে এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মহম্মদ মোতালেব শিকদারকে গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় মোতালেক শিকদার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এনসিপির খুলনার সংগঠক সইফ নেওয়াজ জানান, মোতালেব দলের খুলনা বিভাগীয় আহ্বায়ক। দলেরই শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক। দলীয় সূত্রে খবর, কিছু দিনের মধ্যেই খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে। তার আগে এই ঘটনা ঘটেছে।
সোনাডাঙা থানার পরিদর্শক অনিমেষ মণ্ডল জানিয়েছেন, মোতালেবকে গুলি করে কয়েক জন দুষ্কৃতী। তার পরে তাঁকে খুলনা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁর মস্তিষ্কের সিটি স্ক্যান করানোর জন্য অন্য একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি দুর্বিষহ। এই পরিস্থিতিতে বাংলাদেশে আদেও ভোট হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রার্থীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বাংলাদেশের নির্বাচন কমিশনও। বাংলাদেশে নির্বাচনের কথা আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ। গত ১২ ডিসেম্বর থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়া চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। তারমধ্যেই খুন হলেন হাদি। সোমবার গুলিবিদ্ধ হলেন এনসিপি নেতা। একের পর এক ঘটনায় প্রশ্ন উঠছে সে দেশের নিরাপত্তা নিয়ে।
