ওঙ্কার ডেস্ক: ভয়াবহ হড়পা বান ও ভূমিধসে নেপালে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৪৫৫। এখনও নিখোঁজ ৫,২৮৫ জন ব্যক্তি। নিখোঁজদের মধ্যে ভারতীয় রয়েছেন ১৮৯ জন। বিপর্যয়ের ৪০ দিন পর নেপাল সরকারের তরফে তল্লাশি ও উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হল।
সরকার জানিয়েছে, এখন আর তল্লাশি বা উদ্ধারকাজের উপর মূল নজর দেওয়া হচ্ছে না। বিধ্বস্ত এলাকাগুলির পুনর্গঠন ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনকে অগ্রাধিকার দেওয়া হবে। সম্প্রতি কাঠমান্ডুতে প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর নেতৃত্বে একটি বৈঠক হয়। সেখানেই উদ্ধার অভিযান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথোরিটি এবং বন্যাকবলিত এলাকা পরিদর্শনকারী দলগুলির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। পরিদর্শনকারী দলগুলির মতে, নতুন করে নিখোঁজদের সন্ধান পাওয়ার সম্ভাবনা নেই। তাই উদ্ধারকাজ চালিয়ে যাওয়ার পরিবর্তে পুনর্গঠন ও পুনর্বাসনের উপর জোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৬ আগস্ট প্রবল হড়পা বানে মধ্য নেপালের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়ে পড়ে। ত্রিশূলী এবং ভোটকোসি নদীর ভয়াবহ স্রোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাণ হারান বহু মানুষ। দুর্যোগে বহু বাড়ি, অফিস, সেতু এবং দোকান-বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মোট ক্ষয়ক্ষতির সঠিক হিসাব এখনও প্রশাসনের হাতে নেই। এখনও পর্যন্ত ১,৪৫৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫,২৮৫ জন। তাঁদের মধ্যে ভারতীয়ের সংখ্যা ১৮৯। পাশাপাশি তিব্বত অঞ্চলেও শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া ৩৬টি দেশের ৬০৬ জন বিদেশি পর্যটকেরও এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে ৪০ দিন ধরে চলা তল্লাশি ও উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে বন্ধ করল নেপাল সরকার।