ওঙ্কার ডেস্ক: সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়েছে নেপাল। অগ্নিগর্ভ পরিস্থিতিতে সে দেশে বহু বাঙালি পর্যটক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই আবহে রাজ্যের পর্যটকদের সহায়তা করতে হেল্পলাইন নম্বর চালু করল পশ্চিমবঙ্গ পুলিশ। নেপালে আটকে পড়া কেউ যদি পানিট্যাঙ্কি বা পশুপতি চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে চান, তাহলে ওই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে পুলিশের তরফে।
রাজ্য পুলিশের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই বিষয়ে লেখা হয়েছে, ‘পশ্চিমবঙ্গ পুলিশ নেপালে আটকে পড়া পর্যটকদের সহায়তার জন্য একটি হেল্পলাইন চালু করেছে। আপনি বা আপনার পরিচিত কেউ যদি দার্জিলিং জেলার পানিট্যাঙ্কি বা পশুপতি চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে চান, সহায়তার জন্য অনুগ্রহ করে নিচে দেওয়া নম্বরগুলোয় যোগাযোগ করুন।
মোবাইল / হোয়াটসঅ্যাপ নম্বর: ৯১৪৭৮৮৯০৭৮
ল্যান্ডলাইন নম্বর: ০৩৫৪-২২৫২০৫৭’
উল্লেখ্য, সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা ঘিরে নেপালের কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে সে দেশের ছাত্র যুবরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়। কিন্তু তা সত্ত্বেও বিক্ষোভ দমানো যায়নি। পুলিশের গুলিতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। আহত ২৫০’র বেশি। ইতিমধ্যে মঙ্গলবার নেপালে থাকা ভারতীয়দের সতর্ক করেছিল ভারতীয় বিদেশমন্ত্রক। এই পরিস্থিতিতে নেপালে আটকে পড়া বাংলার পর্যটকদের পাশে দাঁড়াল রাজ্য পুলিশ।
