ওঙ্কার ডেস্ক: বাংলার মাটিতে স্লিপার সেল তৈরির ছক কষেছিল বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন। এমন তথ্য পাওয়ার পরই রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। অসমের একটি মামলার তদন্তের সূত্র ধরেই এই অভিযান বলে জানা গিয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর, পূর্ব বর্ধমান, ডায়মন্ড হারবার-সহ মোট পাঁচটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হচ্ছে বলে সূত্রের খবর। গত সপ্তাহে অসমে এক যুবককে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করে এনআইএ। তদন্তকারীদের দাবি, ধৃত যুবক জামাত-উল-মুজাহিদিনের সক্রিয় সদস্য। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই বাংলায় সংগঠনটির একটি মডিউল সক্রিয় থাকার তথ্য পান তদন্তকারীরা। বাংলায় স্লিপার সেল তৈরি করার পরিকল্পনাও ওই সংগঠনের ছিল বলে তদন্তে উঠে আসে।
তদন্তকারীদের দাবি, সমাজমাধ্যমকে ব্যবহার করে বাংলার বেশ কিছু যুবককে প্রভাবিত করার চেষ্টা চলছিল। অসমে ধৃত যুবককে জেরা করে এই বিষয়ে একাধিক তথ্য পাওয়া যায় বলে জানা গিয়েছে। ধৃতের ল্যাপটপ এবং অন্যান্য নথিও খতিয়ে দেখেন তদন্তকারীরা। সেখান থেকেও বেশ কিছু তথ্য পাওয়া যায় বলে সূত্রের খবর। এর পরেই মঙ্গলবার সকালে রাজ্যের বিভিন্ন প্রান্তে একযোগে অভিযান শুরু করে এনআইএ-র একাধিক দল। হরিরামপুরে দু’টি জায়গায় তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ডায়মন্ড হারবারের একটি জায়গা এবং পূর্ব বর্ধমানের একটি স্থানেও অভিযান চালানো হচ্ছে।
এর আগে বর্ধমানের একটি মামলাতেও জঙ্গি যোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এক ব্যক্তিকে। কয়েক মাস আগে হামিদ নামে ওই ব্যক্তিকে রেনেসাঁ হাউসিং থেকে গ্রেপ্তার করে তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের দাবি, হামিদ জইশের সক্রিয় সদস্য ছিলেন। বেশ কয়েক বছর ধরে তিনি বাংলাতেই বসবাস করছিলেন।