অরুপ পোদ্দার, শিলিগুড়ি: অমৃত ভারত প্রকল্পের আওতায় আধুনিক পরিকাঠামোয় সাজিয়ে তোলা হচ্ছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন। এই প্রকল্পের অংশ হিসেবে এনজেপি স্টেশনে যুক্ত হল আরও দুটি নতুন প্ল্যাটফর্ম। ফলে যেখানে আগে স্টেশনে মোট ৬টি প্ল্যাটফর্ম ছিল, বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ৮-এ।
ইতিমধ্যেই স্টেশনের একাধিক নতুন পরিকাঠামো গড়ে তোলার কাজ জোরকদমে চলছে। নতুন প্ল্যাটফর্ম চালু হওয়ায় খুশি স্টেশনে আসা পর্যটক থেকে শুরু করে স্থানীয় যাত্রীদের বড় অংশ।
রেলযাত্রীদের মতে, উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ত এই রেল স্টেশনে যাত্রী পরিষেবার চাপ বরাবরই বেশি। প্ল্যাটফর্মের অভাবে বিভিন্ন সময় আউটার লাইনে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকতে হত। নতুন দুটি প্ল্যাটফর্ম চালু হওয়ায় সেই সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই দুটি নতুন প্ল্যাটফর্মে রাখা হয়েছে একাধিক অত্যাধুনিক ব্যবস্থা। যাত্রী নিরাপত্তা জোরদার করতে বসানো হয়েছে আধুনিক সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে একাধিক জায়গায় মোবাইল চার্জিং পয়েন্ট, উন্নতমানের শৌচাগারসহ অন্যান্য আধুনিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে নিউ জলপাইগুড়ি স্টেশন আরও আধুনিক ও যাত্রীবান্ধব হয়ে উঠছে বলেই মনে করছেন সকলেই।
