অতি সক্রিয়তা নিয়ে এবার মন্ত্রীদেরই সতর্ক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রে খবর, বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুই মন্ত্রীকে ‘দফতরে বসে কাজে মন দেওয়ার’ পরামর্শ দিয়েছেন তিনি। সূত্রের খবর, ওই দুই মন্ত্রী হলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। রাস্তায় নেমে প্রচারের আলো কাড়ার বদলে দফতরের কাজে ফোকাস করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সম্প্রতি অগ্নিমিত্রার একাধিক ভিডিও ভাইরাল হয়। কোথাও ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে সবজি বিক্রেতার সঙ্গে বচসা, কোথাও স্টোভে দুধ ফোটানো মহিলাকে ধমক, কোথাও আবার বাজারে সাইকেল রাখা নিয়ে বিক্রেতাদের হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে তাঁকে। মাইক হাতে পথ নিরাপত্তার প্রচার, ফুটপাতবাসীদের রাখি পরানো, উপহার বিলি – সবই করেছেন তিনি। যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বতও ইদানীং আচমকা হাসপাতাল পরিদর্শন ও জনসংযোগে সক্রিয়। ঘটনাচক্রে বুধবারই তাঁর ‘বিধায়ক দরবারে’ রাজারহাট-নিউটাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়ার সঙ্গে প্রকাশ্যে বাদানুবাদে জড়ান তিনি। তার পরেই নবান্নে মুখ্যমন্ত্রীর এই বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এদিনের বৈঠকে নিয়োগ নিয়েও বড় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, প্রতিটি দফতরকে গড়ে প্রায় দশ হাজার কর্মী নিয়োগ করে দ্রুত পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে বলেছেন তিনি। কলকাতা পুলিসে ২,০০০ এবং রাজ্য পুলিসে ৬,০০০ নিয়োগের প্রক্রিয়া আপাতত আদালতে বিচারাধীন থাকলেও, তা দ্রুত শেষ করার ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু।
পাশাপাশি মন্ত্রীদের স্পষ্ট নির্দেশ, বাজেট বরাদ্দের সঠিক ব্যবহার করতে হবে পরিকল্পনামাফিক। তা না হলে পরের বাজেটে বরাদ্দ কমে যেতে পারে বলেও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।