ওঙ্কার ডেস্ক: সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনও দ্বিচারিতা বরদাস্ত করা হবে না । কোনও পরিস্থিতিতেই সন্ত্রাসবাদকে বৈধতা দেওয়া সম্ভব নয়। মঙ্গলবার, তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন -এর বৈঠকে এই বার্তা দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইশাক দার। তাঁর সামনেই সন্ত্রাসবাদ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেন রাজনাথ। তিনি বলেন, উন্নয়ন ও অগ্রগতির পথে সন্ত্রাসবাদ অন্যতম বড় বাধা। এর ফলে শুধু মানুষের প্রাণহানি ঘটে না, বিনিয়োগ ও বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হয়। রাজনাথের বক্তব্য, সন্ত্রাসবাদ সমাজে উগ্রপন্থার বিস্তার ঘটায়। পাশাপাশি, তরুণদের প্রাপ্য সুযোগ থেকেও বঞ্চিত করে। এই বিপদের মোকাবিলায় কোনও রকম দুমুখো নীতি থাকা উচিত নয় বলে তিনি জোর দেন। তাঁর আরও সংযোজন, যারা সন্ত্রাসবাদে অর্থ জোগায়, মদত দেয় কিংবা জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেয়, তাদের জন্য কোনও জায়গা থাকা উচিত নয়।
এসসিও বৈঠকে রাজনাথ সিং যখন সন্ত্রাসবাদ নিয়ে বক্তব্য রাখছিলেন, তখন তাঁর ঠিক সামনেই বসেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার। বৈঠকের একটি ভিডিয়ো পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফেও প্রকাশ করা হয়েছে। সেখানেও দুই দেশের প্রতিনিধিকে একই টেবিলে বসে থাকতে দেখা যায়। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে আয়োজিত এই বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করছেন রাজনাথ সিং। এসসিও-র সদস্য দেশগুলির বিভিন্ন প্রতিনিধিরাও সম্মেলনে অংশ নিয়েছেন। উল্লেখ্য, এর আগে গত সেপ্টেম্বরে এসসিও -র একটি বৈঠকে সন্ত্রাসবাদের সম্পূর্ণ পরিকাঠামো ভেঙে ফেলার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, এই লড়াইয়ে সদস্য দেশগুলিকে একযোগে কাজ করতে হবে।