ওঙ্কার ডেস্ক: ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ উঠেছিল হাসপাতালের বিরুদ্ধে। তার পর থেকে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষরক্ষা হল না বীরেন্দ্রনাথ শর্মার। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল তাঁর। অভিযোগ, হাসপাতালে তাঁকে ভুল গ্রুপের রক্ত দেওয়ার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে আগেই চাঞ্চল্য ছড়িয়েছিল।
ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। ইতিমধ্যে চারজনকে শোকজও করা হয়েছে। তার মধ্যেই ঘটনার দু’দিনের মাথায় মৃত্যু হল ওই রোগীর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, একই ওয়ার্ডে ভর্তি ছিলেন দুই রোগী। তাঁদের একজন জলপাইগুড়ির রানীনগরের বাসিন্দা বলিন রায়। অপরজন কচুয়া বোয়ালমারী গ্রামের বাসিন্দা বীরেন্দ্রনাথ শর্মা। দু’জনের রক্তের গ্রুপ এক ছিল না। একজনের রক্তের গ্রুপ ‘এ’। অন্যজনের ‘এবি পজিটিভ’। বলিন রায়ের পরিবারের অভিযোগ, তাঁকে ‘এ’ গ্রুপের পরিবর্তে ‘এবি পজিটিভ’ রক্ত দেওয়া হয়েছিল। এরপরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। একই ধরনের অভিযোগ উঠেছে বীরেন্দ্রনাথের ক্ষেত্রেও। পরিবারের দাবি, তাঁর শরীরে ‘এবি পজিটিভ’-এর বদলে ‘এ পজিটিভ’ রক্ত প্রয়োগ করা হয়। এর পর থেকেই একাধিক শারীরিক জটিলতা দেখা দেয়। দুই রোগীর পরিবারই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই হাসপাতালজুড়ে ব্যাপক শোরগোল পড়ে যায়।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন বীরেন্দ্রনাথ। গত আট দিন ধরে তিনি ওই হাসপাতালে ভর্তি ছিলেন। নিয়মিত ডায়ালিসিসও চলছিল। কিন্তু ভুল রক্ত দেওয়ার অভিযোগের পর তাঁর শরীরে নতুন করে নানা সমস্যা দেখা দেয়। চিকিৎসকেরা তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছিলেন। ঘটনার খবর পৌঁছেছিল রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের কাছেও। তাঁর নির্দেশে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে চারজনকে আগেই শোকজ করা হয়। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলার মধ্যেই মঙ্গলবার গভীর রাতে মৃত্যু হয় বীরেন্দ্রনাথ শর্মার।