ওঙ্কার ডেস্ক: সন্দেশখালিতে ফের গ্রেফতার এক তৃণমূল নেতা। পুলিশের জালে ধরা পড়লেন খুলনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি সত্যজ্যোতি সান্যাল। একসময় সন্দেশখালির প্রভাবশালী নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে জমি দখল, মাছের ভেড়ি দখল এবং একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই এলাকা ছেড়ে আত্মগোপন করেছিলেন বলে খবর।
তৃণমূলের শাসনকালে সন্দেশখালি ও সংলগ্ন এলাকায় শেখ শাহজাহানের যথেষ্ট প্রভাব ছিল। অভিযোগ, তাঁর ঘনিষ্ঠদের মধ্যে অন্যতম ছিলেন সত্যজ্যোতি। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওই এলাকায় তাঁর বিরুদ্ধে জমি জবরদখল থেকে শুরু করে নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে। বহু মানুষের জমি জোর করে দখল করা হয়েছিল বলে অভিযোগ। মারধর করে মাছের ভেড়ি দখলের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি এলাকার শ্রমিক ও সাধারণ মানুষের জবকার্ডের টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছিল।
উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর সন্দেশখালিতেও রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটে। বিজেপি ওই এলাকায় জয়ী হওয়ার পর থেকেই সত্যজ্যোতি সান্যালের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। অভিযোগ, এলাকা ছেড়ে অন্যত্র গা ঢাকা দিয়েছিলেন তিনি। তাঁর সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। শেষ পর্যন্ত মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে সন্দেশখালি থানার পুলিশ। নির্দিষ্ট জায়গায় হানা দিয়ে গ্রেপ্তার করা হয় সত্যজ্যোতিকে। বুধবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।