ওঙ্কার ডেস্ক: বিদেশের মাটিতে দাঁড়িয়ে ফের কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতের অর্থনীতি, শিক্ষাব্যবস্থা এবং গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, দেশে বেকারত্ব বাড়ছে। শিক্ষিত যুবসমাজ ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। পাশাপাশি ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। রাহুলের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক সংঘাত। বিজেপির দাবি, বিদেশে গিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছেন কংগ্রেস নেতা।
দু’দিনের সফরে আমেরিকায় রয়েছেন রাহুল গান্ধী। তাঁর কর্মসূচিতে রয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা। এর মধ্যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন তিনি। সেখানে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে ধরেন বিরোধী দলনেতা। রাহুলের বক্তব্য, ভারতের অর্থনৈতিক পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। বেকারত্ব এখন বড় সমস্যায় পরিণত হয়েছে। সংবাদমাধ্যম বা অন্য কেউ এই বাস্তবতা অস্বীকার করলেও পরিস্থিতির পরিবর্তন হবে না। দেশের শিক্ষাব্যবস্থাতেও গুরুতর ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের সঞ্চালক লিডিয়া পোলগ্রেন ভারতের যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করেন। উত্তরে মোদী সরকারের নীতির সমালোচনা করেন রাহুল। তাঁর দাবি, দেশের বহু তরুণ-তরুণী নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত যুবকদের মধ্যে হতাশা বাড়ছে। কর্মসংস্থান ও ভবিষ্যৎ জীবনের বিষয়ে তাঁরা কোনও স্পষ্ট দিশা পাচ্ছেন না। শিক্ষাক্ষেত্রের সমস্যাও এই অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলছে। রাহুলের বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি। শাসকদলের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের সমালোচনার নামে বিদেশের মাটিতে দেশের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন কংগ্রেস নেতা। তাঁর মন্তব্যকে দেশবিরোধী বলেও আক্রমণ করেছে পদ্মশিবির।