অর্পিতা মুখার্জী, কলকাতা: স্ত্রী ফোন করেছিলেন, স্বামী সেই ফোন তোলেননি। পরে আর ফিরতি ফোনও করেননি। দাম্পত্যে এই ঘটনা অশান্তির কারণ হতে পারে, কিন্তু তাকে কোনওভাবেই বধূ নির্যাতন বলা যায় না। এমনটাই জানাল কলকাতা হাই কোর্ট। ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায় স্বামীর বিরুদ্ধে করা মামলাটিও খারিজ করে দিয়েছে আদালত।
ঘটনাটি হাওড়ার বাগনান এলাকার। ২০১৭ সালের মার্চ মাসে ওই দম্পতির বিয়ে হয়েছিল। ২০২০ সালের ডিসেম্বর মাসে বাগনান থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানান স্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা হয়। সেই মামলা বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেছিলেন স্বামী। বিচারপতি অজয়কুমার গুপ্তার এজলাসে সেই রিভিশন পিটিশনের শুনানি হয়। সেখানেই এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন বিচারপতি।
শুনানিতে আদালত জানায়, স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের যে অভিযোগ তোলা হয়েছে, তা অত্যন্ত অস্পষ্ট ও সাধারণ ধরনের। অভিযোগকারিণী নির্যাতনের কোনও নির্দিষ্ট তারিখ, সময়, জায়গা বা ধরনের কথা উল্লেখ করেননি। অভিযোগে পণের জন্য হয়রানির কোনও কথাও নেই। এমন কোনও আচরণের কথাও বলা হয়নি, যা স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করতে পারে বা তাঁর জীবন, অঙ্গ বা স্বাস্থ্যের গুরুতর ক্ষতি করতে পারে।
বিচারপতি গুপ্তা আরও বলেন, এই ধারায় অপরাধ প্রমাণের জন্য অভিযোগকারিণীকে বিবাহিতা মহিলা হতে হবে, যাঁকে তাঁর স্বামী বা স্বামীর আত্মীয়রা নিষ্ঠুরতার শিকার করেছেন এবং সেই নিষ্ঠুরতা ব্যাখ্যার (ক) বা (খ) ধারার মধ্যে পড়তে হবে। হাই কোর্টের মতে, একটি ফোনের উত্তর না দেওয়া আর ইচ্ছাকৃতভাবে নির্যাতন চালানো এক জিনিস নয়। এইসব কারণের ভিত্তিতেই স্ত্রীর আনা মামলা খারিজ করেছে আদালত।