ওঙ্কার ডেস্ক: চার রাজ্যের ২৮টি বিধান পরিষদ আসনের চূড়ান্ত ফল প্রকাশের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। বিশেষ করে দুই রাজ্যের ফলাফল নিয়ে অস্বস্তিতে গেরুয়া শিবির। তার উপর শরিকদের মধ্যে মতবিরোধও বাড়ছে। এই পরিস্থিতিতে বিজেপির অস্বস্তি আরও বাড়ালেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী ও সুহেলদেব সমাজ পার্টির প্রধান ওমপ্রকাশ রাজভর। নির্বাচনে বিজেপির খারাপ ফলের ব্যাখ্যা দিতে গিয়ে তাঁর মন্তব্য, বিধান পরিষদ নির্বাচনে কেবল শিক্ষিতরাই ভোট দেন। তাই বিজেপির পরাজয়কে সাধারণ মানুষের মতামত বলে গণ্য করা যায় না।
উত্তরপ্রদেশের বিধান পরিষদ নির্বাচনে ১১টি আসনের মধ্যে ছ’টিতে জয় পেয়েছে বিজেপি। তবে এই ফলের মধ্যেও শক্তি বাড়িয়েছে সমাজবাদী পার্টি (সপা)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীর গ্র্যাজুয়েটস এবং টিচার্স—দু’টি আসনেই জয়ী হয়েছেন সপার প্রার্থীরা। ফল প্রকাশের পর বিজেপিকে নিশানা করেছেন সপা প্রধান অখিলেশ যাদব। তাঁর দাবি, সরকারি ক্ষমতা ব্যবহার এবং অসাধু উপায় অবলম্বন করেও বিধান পরিষদ নির্বাচনে মুখরক্ষা করতে পারেনি বিজেপি। তাঁর কটাক্ষ, এবার বিজেপির ব্যাগ গুছিয়ে বিদায় নেওয়ার সময় এসেছে। অন্যদিকে, উত্তরপ্রদেশের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যও স্বীকার করেছেন, এমন কয়েকটি আসনে জয় পেয়েছে সপা, যেখানে বিজেপির জেতার প্রত্যাশা ছিল।
বিধান পরিষদের ফল নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজভর বলেন, ভোটাররা নিজেদের মতামত জানিয়েছেন। তবে এটি শিক্ষিত ভোটারদের রায়, সাধারণ মানুষের নয়। তাঁর বক্তব্য, বিধান পরিষদের নির্বাচনে ভোট দেন মূলত শিক্ষিত ভোটাররা। তাই এই ফলাফলকে বৃহত্তর জনমতের প্রতিফলন হিসেবে দেখা ঠিক নয়। রাজভরের আরও দাবি, বিধানসভা নির্বাচনের সময় পরিস্থিতি আলাদা থাকে। তখন শিক্ষিত ভোটারদের অনেককে আর বুথে দেখা যায় না। ভোট দিতে আসেন সাধারণ মানুষ। ভারতীয় রাজনীতিতে এমনটাই হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।