নিজস্ব প্রতিনিধি, আসানসোল : পরকীয়া সম্পর্কের জেরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল সালানপুরের হিন্দুস্তান কেবলস এলাকায়। ঘটনাটি ঘটেছে রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত ওল্ড কলোনিতে।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিকির স্ত্রী ও দুই সন্তান দিল্লিতে থাকে। তিনি মাঝেমধ্যেই হিন্দুস্তান কেবলসের কোয়ার্টারে এসে থাকতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বিকি পাশের বাড়ির বাসিন্দা মন্টু যাদবের বাড়িতে যান। অভিযোগ, মন্টুর স্ত্রীর সঙ্গে বিকির দীর্ঘদিন ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। বিকি বাড়িতে এসেছে খবর পেয়ে কাজ থেকে আচমকা বাড়ি ফিরে আসেন মন্টু। এরপরই দুপক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়।
অভিযোগ, মন্টু যাদব-সহ কয়েকজন মিলে বিকিকে আটকে রেখে বেধড়ক মারধর করেন। পরে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা বিকিকে উদ্ধার করে প্রথমে পিঠাকিয়ারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় বিকির পিসির অভিযোগ, পরিকল্পনা করে বাড়িতে ডেকে বেঁধে রেখে নির্মমভাবে খুন করা হয়েছে তাঁকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল সুরেন্দ্র যাদব ও দীপক যাদব। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। ধৃতদের আজ আসানসোল আদালতে পাঠানো হবে। মন্টু যাদবের স্ত্রীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।