ওঙ্কার ডেস্ক : দুই দেশের মধ্যে সংঘাত চরম আকার নিয়েছিল। অবশেষে দীর্ঘ বৈঠকের পর সংঘর্ষবিরতিতে রাজি হল পাকিস্তান এবং আফগানিস্তান। দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক হয় কাতারের রাজধানী দোহায়। সেই শান্তি-বৈঠকে যোগ দিয়েছিলেন তালিবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মহম্মদ ইয়াকুব এবং পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ। শনিবার রাত পর্যন্ত কথা এগোনোর পর রবিবার কাতারের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে এই সংঘর্ষবিরতির কথা জানানো হয়েছে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষবিরতিতে মধ্যস্থতা করেছে কাতার এবং তুরস্ক। আন্তর্জাতিক মহলের মত, দুই দেশের সঙ্গে ইসলামাবাদ ও কাবুলের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। কাতারের বিদেশ মন্ত্রক বিবৃতিতে লিখেছে, ‘পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে দোহায় আলোচনা হয়েছে। এই গোটা বিষয়টির মধ্যস্থতা করেছে কাতার এবং তুরস্ক। সমঝোতার জন্য আলোচনার সময় উভয় পক্ষ অবিলম্বে সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। সেই সঙ্গে শান্তি স্থাপনের জন্য পদক্ষেপেও রাজি হয়েছে। আগামী দিনে এই সংঘর্ষবিরতি যাতে স্থায়ী হয় সে বিষয়ে তারা আলোচনা করবে।’
উল্লেখ্য গত এক সপ্তাহ ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ চলছে। পাকিস্তানের অভিযোগ, তালিবানশাসিত আফগানিস্তান সীমান্তে হামলা করেছে। অন্য দিকে কাবুলের পাল্টা দাবি, পাকিস্তানের সেনাবাহিনী বিনা প্ররোচনায় তাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে। শুক্রবার পাক হামলায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশে তিন আফগান ক্রিকেটার-সহ আট জনের মৃত্যু হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) তরফে জানানো হয়েছে, নিহত তিন ক্রিকেটারের নাম, কবীর, সিবঘাতুল্লাহ এবং হারুন।
